ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য ভাড়ার টাকা না পেয়ে ও খেলা দেখতে যেতে না পারায় অভিমান করে লোকমান (১২) নামে এক মাদরাসার ছাত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে শিশুটি বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্না বারসা গ্রামে ঘটনাটি ঘটে। লোকমান আলী ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
সোশ্যাল মিডিয়ায় এমন খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১০টায় ব্যারিস্টার সুমন শিশুটিকে দেখতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় তিনি শিশুটির খোঁজ খবর নেন এবং তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে শিশুটির লেখা পড়া, খেলা দেখা ও খেলতে চাইলে যাবতীয় খরচ বহন করবে সুমন ফুটবল একাডেমী বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে তিনটি প্রীতি ম্যাচের জন্য তিনদিনের সফরে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রবিবার (১১ সেপ্টেম্বর) রাণীশংকৈল উপজেলার ডি.কে কলেজ মাঠে ব্যারিস্টার সুমনের ফুটবল দল এসআরএফসি দলের সাথে প্রীতি ম্যাচ খেলায় অংশগ্রহণ করে। মাদরাসার ছাত্র লোকমান আলী (১২) তার দাদী সুলাতানা বেগমের নিকট খেলা দেখতে যাওয়ার জন্য ২০০ টাকা চায়। দাদীর কাছে টাকা না পেয়ে লোকমান সন্ধ্যায় বিষপান করে।
লোকমানের দাদী সুলতানা বেগম বলেন, নাতিটা ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যাওয়ার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। তার বাবা ঢাকায় একটি কারখানায় কাজ করে। আমার কাছে টাকা না থাকায় টাকা দিতে পারিনি। এ জন্য সে খেলাও দেখতে যেতে পারেনি। সে খেলা দেখতে যেতে না পারার কারণে বিষ খেয়েছে। সেটা জানার পর আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। এখন সে মোটামুটি শঙ্কামুক্ত।
সূএ :দৈনিক অধিকার